১১৭ মেধাবী যুব প্রতিবন্ধী লড়বে জাতীয় আইটি প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে
সপ্তমবারের মতো দেশের যুব প্রতিবন্ধী ব্যক্তিদের আইটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। রাজধানী ঢাকার বিইউবিটি বিশ্ববিদ্যালয়, রূপনগর, মিরপুর, ঢাকা ক্যাম্পাসে আগামী ৬ মে শনিবার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতা বাস্তবায়ন করবে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি)।
আয়োজক কমিট সূত্রে জানাগেছে, সারাদেশ থেকে আগত মোট ১১৭ জন প্রতিযোগী প্রতিবন্ধিতার ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ক্যাটাগরিগুলো হলো দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি)।
সবগুলো ক্যাটাগরিতে প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং প্রোগ্রামিং (স্ক্রাচ) বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রত্যেক ক্যাটাগরিতে সেরা প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে। ক্যাটাগরি ভিত্তিক বিজয়ী সেরা ৪জন প্রতিযোগী আগামী অক্টোবর ২০২৩ দুবাই-এ অনুষ্ঠেয় আন্তজার্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ম্যানেজার (সিস্টেমস) এবং এই আয়োজনের সমন্বয়ক মো. গোলাম রব্বানী।





